ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলেজের তিনজন পণ্ডিষ্ঠের নাম উল্লেখ করো। তাঁদের গদ্যের স্বল্প পরিচয় লিপিবদ্ধ করো।

ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে প্রতিষ্ঠিত হয়।

কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রেভারেন্ড ডেভিড ব্রাউন।

কলেজের তিনজন পণ্ডিত হলেন-উইলিয়াম কেরী, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

উইলিয়াম কেরীর নামে দুটি গ্রন্থ পাওয়া যায়, যথা- ‘কথোপকথন’ (১৮০১) ও ‘ইতিহাসমালা’ (১৮১২)। ‘কথোপকথন’ গ্রন্থ সংলাপের ঢঙে লেখা। গ্রাম্যজীবনের বিবিধ বিষয় নিয়ে অবতীর্ণ হয়েছিলেন কেরী সাহেব। যেমন-স্ত্রীলোকের কথোপকথন, ভোজনের কথা, হাটের বিষয় ও জমিদার রাইয়ত। মানুষের সঙ্গে যোগাযোগ ও যুক্তির বাহন হিসেবে বাংলা গদ্যকে তুলে ধরতে গ্রন্থটি তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, কেরীর ‘ইতিহাসমালা’ গ্রন্থে প্রাচ্য ও পাশ্চাত্যের নানা অনুবাদমূলক গল্প স্থান পেয়েছে। তবে সবই সরস ও সহজ সরল। আসলে কেরী মানুষকে গল্পের ভাষা আয়ত্ত করিয়ে দিতে চেয়েছিলেন।

রামরাম বসুর নামেও আমরা দুটি গ্রন্থ পাই-‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ (১৮০১) ও ‘লিপিমালা’ (১৮০২)। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ। ইতিহাসের প্রতাপাদিত্যকে সামনে রেখে লেখক কল্পনা ও জনশ্রুতিতে এমন এক কাহিনি গড়ে তুলেছেন, যা থেকে গল্পের ভাষা বোঝা যায়। আসলে এইসব গ্রন্থ লেখা হয়েছিল বাঙালিকে এক আদর্শ শিক্ষা দিতে। ‘লিপিমালা’ পত্ররচনার ঢঙে লেখা অনেকগুলি পত্রের সংকলন। যেমন-দক্ষযজ্ঞের কথা, নবদ্বীপে চৈতন্যের কথা ও গঙ্গাবতরণের কথা। পৌরাণিক ঘটনাকে সামনে রেখে কাহিনি গড়ে তুললেও মুনশিয়ানার পরিচয় আছে। তাই সুকুমার সেন বলেছিলেন-“লিপিমালার গদ্যরীতি আরও সহজ এবং মুখের ভাষার বেশ কাছাকাছি।”

ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাঁর গ্রন্থগুলি হল-‘বত্রিশ সিংহাসন’ (১৮০২), ‘হিতোপদেশ’ (১৮০৮), ‘রাজাবলি’ (১৮০৮) ও ‘প্রবোধচন্দ্রিকা’ (১৮১৩)। রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় বত্রিশটি গল্প শুনিয়েছেন ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থে। তবে গদ্যের সরসতা সহজেই লক্ষ করা যায়। অতীত ও সেকালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন ‘রাজাবলি’ গ্রন্থ। সজনীকান্ত দাস এ গ্রন্থ সম্পর্কে লিখেছেন-“বাংলা ভাষার ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাহাতে সন্দেহ নাই।” ব্যাকরণ, অলংকার, ইতিহাস নিয়ে ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ গড়ে উঠেছে। বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয়ই প্রথম যথার্থ গদ্যশিল্পী, সে বিষয়ে সন্দেহ নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading